ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের তদন্ত কমিশন : সদস্য হলেন বাংলাদেশের সারা হোসেন

একুশে বার্তা ডেক্স : মার্চ-এপ্রিলে দখলকৃত ফিলিস্তিনে বিক্ষোভ চলাকালে ইসরাইলের সামরিক আক্রমণের দরুন আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে, তা তদন্তে কমিশন গঠন করেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। তিন সদস্যবিশিষ্ট এই কমিশনে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী সারা হোসেন। পরিষদের প্রেসিডেন্ট ভোজিস্লাভ সুক (স্লোভেনিয়া) গতকাল এই ঘোষণা দিয়েছেন। সারা হোসেন ছাড়াও এই কমিশনে থাকছেন যুক্তরাষ্ট্রের ডেভিড মাইকেল ক্রেন ও কেনিয়ার কারি বেত্তি মুরুং। কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রেন। মানবাধিকার পরিষদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।