বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ ফখরুল : খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না

একুশে বার্তা ডেক্স : বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে কারান্তরীণ রেখে এদেশে কোন নির্বাচন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সকল দলের  সমনন্বয়ে জাতীয় ঐক্য গঠন করে খালেদা জিয়াকে মুক্ত করে সহায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আজ বিকালে বরিশাল নগরীর বান্দ রোডের হেমায়েতউদ্দিন ঈদগা মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, আওয়ামী লীগ বেগম জিয়াকে কারাগারে পাঠিয়ে পাতানো নির্বাচনের যে ফাঁদ পেতেছিল এখন উল্টো আওয়ামী লীগ সেই ফাঁদে পড়েছে। এতে বিএনপির জনসমর্থন বেড়েছে। তাই সরকার ভীত হয়ে বিএনপিকে জনসমাবেশ করতে বাঁধা দিচ্ছে।

তিনি আরো বলেন, সরকার উন্নয়নশীল দেশের কথা ঘোষণা দিয়েছেন বটে তবে জনতার উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ নেতাদের। দশ টাকা দরে চালের কেজি এখন ৭০ টাকায় কিনতে হয়। প্রতি বছর বিদ্যুৎ, গ্যাস, জালানী তেলের দাম বাড়ে, জনতার নাভিশ্বাস উঠেছে।

বিএনপি নেতা কর্মীদের দমন নিপীড়নের হিসেব দিয়ে বলেন, সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৭৮ হাজার মামলা দিয়েছে। এই মামলায় বিএনপির ৮ লাখ নেতা কর্মীকে আসামী করা হয়েছে। তাই আওয়ামী লীগের স্বৈরাশাসনের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষায় এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন একসাথে করতে হবে। এসময় আগত নেতা কর্মীদের হুসিয়ার করে বলেন, ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন না করলে পরাজিত হলে দাসত্ব গ্রহণ করতে হবে।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. মইন খান, মির্জা আব্বাসসহ অন্য নেতারা।
সমাবেশকে কেন্দ্র করে বরিশালে বিএনপি নেতা কর্মীদেও মধ্যে উৎসবের আমেজের সৃস্টি হয়। নগরীর ৩০টি ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতা কর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে সামবেশ উপস্থিত হয়। বিভিন্ন জেলা উপজেলা থেকেও বিপুল সংখ্যক নেতা কর্মী সমাবেশ উপস্থিত হয়।