উন্নয়নের মহাসড়কে নয়- দুর্নীতির মহাসড়কে দেশ : এরশাদ

একুশে বার্তা ডেক্স : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, উন্নয়নের মহাসড়ক নয়; বরং দুর্নীতির মহাসড়কে দেশ হাবুডুবু খাচ্ছে। শনিবার চট্টগ্রামের লালদীঘির ময়দানে সম্মিলিত জাতীয় জোটের আয়োজনে এক মহাসমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান ও সম্মিলিত জাতীয় জোটের শীর্ষ নেতা আল্লামা এম এ মান্নান।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘উনারা (সরকারি দল) বলছেন দেশ নাকি উন্নয়নের মহাসড়কে হাবুডুবু খাচ্ছে।  অথচ দেখুন, কয়েক বছর আগেও ৪/৫ ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাতায়াত করা যেতো।  আর এখন ১৫ ঘণ্টা লাগছে। অথচ হাজার কোটি টাকা খরচ করে এই মহাসড়ক তৈরি করা হয়েছে। আসলে মহাসড়ক নয়, লুটপাট করা হয়েছে। শেয়ারবাজার, ব্যাংক সবখানেই লুটপাট চলছে। দেশ দুর্নীতির মহাসড়কে হাবুডুবু খাচ্ছে।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘শিক্ষাখাত পচে গেছে। নিজের নাম ঠিকমতো লিখতে জানে না, তবুও জিপিএ-৫ পায়। আগে পাস করা কঠিন ছিল, আর এখন ফেল করা কঠিন। শিক্ষার্থীরা ফেল করলে শিক্ষামন্ত্রীর চাকরি থাকবে না। আর সে জন্যই উনি বলছেন, ঘুষ খান, তবে পরিমাণমতো খাবেন। দেশ কতোটা রসাতলে গেলে এই কথা বলা যায় আপনারাই বলুন।’

এরশাদ আরো বলেন, ‘কিছুদিন আগে শুনলাম ব্যাংকের এতো টাকা নেয়ার মতো লোক দেশে নাই। অথচ এখন শুনছি ব্যাংকে নাকি কোনো টাকাই নাই। সব ব্যাংক খেলাপি ঋণ নিয়ে বিপর্যস্ত। প্রশ্ন হচ্ছে- এতোটাকা গেলো কোথায় ? অথচ দেখুন, একজন কৃষক সামান্য কয় টাকা পরিশোধ করতে না পারলে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়। আর যারা হাজার কোটি টাকা লুটেপুটে খাচ্ছে তাদের কোনো বিচার নেই। এই হচ্ছে এখনকার বিচার।’

আগামী নির্বাচনে ভোট প্রত্যাশা করে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির সরকার কখনো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়নি। এই দুই নেত্রীর সরকার হয়েছে। জাতীয় পার্টি দেশের মানুষের কল্যাণ করেছিল বিধায় এখনো কোনো ষড়যন্ত্র আমাদের বিলুপ্ত করতে পারেনি। জাতীয় রাজনীতিতে আমাদের প্রয়োজন পড়ে। আমরা আরেকবার সুযোগ চাই। দেশের খেদমত করতে চাই। ইসলামে খেদমত করতে চাই। আল্লাহ আমাকে ইসলামের খেদমত করার জন্যই বাঁচিয়ে রেখেছেন।

সমাবেশে অন্যদের মধ্যে জাতীয় পার্টি মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বন ও পরিবেশমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জোটের কেন্দ্রীয় লিঁয়াজো কমিটির সদস্য স উ ম আবদুস সামাদ, প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, ইসলামী ফ্রন্টের প্রেসিডেন্ট মাওলানা আবু সুফিয়ান আবেদী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার সুনীল শুভ রায়, সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস, বিএনএ চেয়ারম্যান সেকান্দর আলী মনিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।