ডেক্স রিপোর্ট : ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬-এর লংঘনের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। ১ এপ্রিল মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানগুলোকে এমন নির্দেশনা পাঠানো হয়। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
ভারতীয় জি নেটওয়ার্কের পরিবেশক অপারেটর প্রতিষ্ঠান ‘জাদু ডিজিটালের’ কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সারাদেশে ভারতীয় জি নেটওয়ার্কের সবগুলো চ্যানেলের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬-এর উপধারা ১৯(১৩)-এর বিধান অনুযায়ী, বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দেখানো দণ্ডনীয় অপরাধ।
সোমবার তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে দুই পরিবেশক সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। এ নোটিশ প্রাপ্তির পরই জাদু ভিশন জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়।
