বিমান হাইজ্যাক করে পাকিস্তানে নেয়ার হুমকি : ভারতে বিমানবন্দরগুলিতে সতর্কতা

ডেক্স রিপোর্ট : : বিমান হাইজ্যাক করে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে এমনই হুমকি আসার পরেই ভারতের  বিমানবন্দরগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। মুম্বাইয়ে এয়ার ইন্ডিয়ার কন্ট্রোল রুমে শনিবার এ ধরনের হুমকি দিয়ে ফোন আসে বলে ভারতের গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে।

ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) সূত্রে খবর, এ দিন মুম্বাইয়ের এয়ারপোর্ট অপারেশন কন্ট্রোল সেন্টারে একটি হুমকি ফোন আসে। বলা হয়, ২৩ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার বিমানকে হাইজ্যাক করে সেটা পাকিস্তানে নিয়ে যাওয়া হবে। ফোনটি আসার পরই দ্রুত মুম্বাই বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়। সতর্কতা জারি করা হয় অন্য বিমানবন্দরগুলোতেও।

বিসিএএস সূত্রে আরও জানানো হয়েছে, প্রত্যেক বিমানের ওঠানামায় কড়া নজর রাখা হচ্ছে। সেই সঙ্গে বিমানবন্দরের টার্মিনালগুলো, কার পার্কিংয়ে তল্লাশি চালাচ্ছে সিআইএসএফ। তবে এটা কোনও ভুয়ো কল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলওয়ামা কাণ্ডের পর এই মুহূর্তে একটা উত্তেজনার আবহ রয়েছে ভারত ও পাকিস্তানে। হুমকি ও পাল্টা হুমকির পর্ব চলছে দু’দেশের মধ্যে। এমন একটা পরিস্থিতিতে নিরাপত্তায় কোনও রকম কমতি রাখতে চাইছে না বিমান মন্ত্রনালয়। তাই হুমকি ফোন আসার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে দেশের বিমানবন্দরগুলোতে।

পুলওয়ামা কাণ্ডে জড়িত জইশ জঙ্গিগোষ্ঠীর প্রধান মাসুদ আজহারই কন্দহর বিমান হাইজ্যাক কাণ্ডের সঙ্গে জড়িত ছিল। ১৯৯৯ সালে কাঠমাণ্ডু থেকে দিল্লিগামী ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি ৮১৪ বিমানটিকে অপহরণ করে আফগানিস্তানে নিয়ে যায় জঙ্গিরা। ভারতের জেলে বন্দি জঙ্গি নেতা মাসুদ আজহার-সহ তিন জঙ্গির মুক্তির বিনিময়ে বিমানের ১৯০ জন যাত্রী ছাড়া পান। আমাদের সময়ডটকম