মানহানির দুই মামলায় খালেদার জামিন

একুশে বার্তা প্রতিবেদন : মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে দিয়ে জাতির অবমাননা করার অভিযোগে দায়ের করা দুই পৃথক মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দিয়েছে আদালত। আজ দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমরুল কায়েস এ জামিনের আদেশ দেন। খালেদার পক্ষে এডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, নুরুজ্জামান তপন এ দুই মামলায় জামিন আবেদন করেছিলেন। এর আগে গত ১১ জুলাই মানহানির দুই মামলায় জামিনের আবেদন করা হলে ৩১ জুলাই শুনানির দিন ঠিক করেন একই বিচারক। গত ৫ জুলাই ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের মামলায় এবং মহানগর হাকিম আহসান হাবীব যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে দিয়ে জাতির অবমাননা করার অভিযোগে দায়ের হওয়া মামলায় জামিন নামঞ্জুর করেন। ওই আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে জামিনের আবেদন করা হয়।