শাহজালালে ৩২ স্বর্ণের বার জব্দ : আটক ২

একুশে বার্তা প্রতিবেদন : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে তিন কেজি স্বর্ণসহ দুইজনকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। তারা হলেন- একটি বেসরকারি বিমান পরিবহন সংস্থার ভিআইপি গাড়ির চালক আরিফুজ্জামান পলাশ ও  যাত্রী হাসান মোহসিন চৌধুরী।

মঙ্গলবার সকাল ৮টার দিকে বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস কর্তৃপক্ষের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। একটি বেসরকারি বিমানের বিজনেস ক্লাসের ওই যাত্রী ওমান থেকে চট্টগ্রাম হয়ে সকাল ৮টায় বিমানবন্দরে অবতরণ করেন। ওমান থেকে চট্টগ্রাম হয়ে আসা ফ্লাইটটি যাত্রী নামানোর লক্ষ্যে ‘২৩ নং বে’ তে পার্ক করে। ‘২৩ নং বে’ থেকে যাত্রী হাসান মোহসিন চৌধুরীকে নিয়ে চালক  আরিফুজ্জামান পলাশ ভিআইপি কারে করে ইন্টারন্যাশনাল এরাইভালে নিয়ে আসে। এ সময় তাদের আটক করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণের বিষয়টি যাত্রী অস্বীকার করে। পরবর্তীতে গাড়িচালকের পা রাখার স্থান পা-দানির নিচে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় বিমানবন্দরে বিভিন্ন সংস্থার কর্মীরা উপস্থিতি ছিলেন। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৭১২ গ্রাম। এর আনুমানিক মূল্য এক কোটি ৮৬ লাখ টাকা।