স্টাফ রির্পোটার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না, এ বিষয়ে তার সরকার প্রতিজ্ঞাবদ্ধ।
৪ মার্চ রোববার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “যারা এই ঘটনাগুলো ঘটায়, এরাতো ধর্মান্ধ হয়ে গেছে। তারা মনে করে একটা মানুষ খুন করলেই বুঝি তারা বেহেশতে চলে যাবে।
তারা কোনোদিন বেহেশতে যাবে না, তারা দোযখের আগুনে পুড়বে। কারণ নিরীহ মানুষকে হত্যা করে কেউ বেহেশতে যেতে পারে না।
ওসমানী মিলনায়তনে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শনিবার হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিমান বাহিনীকে বলে জাফর ইকবালকে ঢাকা সিএমএইচে আনার ব্যবস্থা করেন।
শনিবার যা ঘটেছে তাকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা বলেন, “তার অবস্থা এখন স্টেবল, অনেকটা ভালো। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে কোনো রকম সন্ত্রাস-জঙ্গিবাদ চলতে দেব না। মাদকের বিরুদ্ধেও কিন্তু আমরা অভিযান চালাচ্ছি।’
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার শিক্ষক, বিজ্ঞানী ও গবেষক এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ও বিশেষ গবেষণা অনুদান দেন।
বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্কুল ও কলেজেই শিক্ষার্থীদের মূল শিক্ষাটা দিতে হবে। সেজন্য প্রতিটি উপজেলার সরকারি স্কুল করে দেওয়া হচ্ছে। উচ্চ শিক্ষার জন্য প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় করে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলব। শিক্ষার জন্য যত রকম সহযোগিতা দরকার, আমরা করব।
অন্যদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান অনুষ্ঠানে বক্তব্য দেন।
