মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে ‘সুজন’ সম্পাদক বদিউল আলমের বাড়িতে হামলা

একুশে বার্তা ডেস্ক :  শনিবার রাতে সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ এর সম্পাদক বদিউল আলম মজুমদারের বাড়িতে হামলা করা হয়েছে। ‘সুজন’ সম্পাদক জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট যখন ওই বাসা ছেড়ে যাচ্ছিলেন ঠিক তখন হামলা করা হয়। বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বিদায় উপলক্ষে তাঁর বাসায় নৈশভোজের আয়োজন করা হয়।

বদিউল আলম মজুমদার জানিয়েছেন, রাত এগারোটা সময় রাতের খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে যখন তিনি গাড়িতে উঠছিলেন তখন একদল লোক হামলা করে।হামলাকারীরা রাষ্ট্রদূতের গাড়ির পেছনে ধাওয়া করে ঢিল ছোঁড়ে।

এদিকে, মোহাম্মদপুর থানার সাথে যোগাযোগ করা হলে মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলার কোন খবর তাদের কাছে নেই বলে জানানো হয়।

বিবিসিকে মজুমদার জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি চলে যাওয়ার পর তাঁর বাসাতে হামলা চালানো হয়।

তিনি বলেন, তারা আমার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। না পারায় ইট-পাটকেল ছুঁড়ে জানালার কাঁচ ভেঙেছে। ১০-১৫ জন যুবক হামলাটি চালায়।

এ ঘটনায় জরুরি হেল্পলাইন নম্বর ৯৯৯ নম্বরে যোগাযোগ করে পুলিশের সহায়তা চান তিনি।

মোহাম্মদপুর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো: রাজিব মিয়া জানিয়েছেন, ইকবাল রোডের একটি বাসায় দুর্বৃত্তরা ইট-পাটকেল ছুঁড়েছে। ৯৯৯ থেকে এমন একটি খবর পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকার টহল দলকে সেখানে পাঠানো হয়।

সূত্র: বিবিসি বাংলা