শাহ আমানত বিমানবন্দরে ১১৫টি সোনার বার উদ্ধার

একুশে বার্তা  ডেস্ক :  চট্টগ্রামে শাহ আমানতে বিমানবন্দরে এক বিমানযাত্রীর কাছে ১১৫টি সোনার বার পাওয়া গেছে, যার আনুমানিক বাজার মূল্য ৬ কোটি টাকার মতো।

রবিবার সকালে মাসকাট থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই যাত্রীর ব্যাগে এই সোনা পাওয়া যায় বলে শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন।

মোহাম্মদ জাহেদ (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার সঙ্গে আরও সোনা রয়েছে কি না, সেজন্য তাকে তল্লাশি করা হচ্ছে বলে জানান বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান।

তিনি বলেন, “মাসকাট থেকে আসা ওই বিমানযাত্রীর ব্যাগ তল্লাশি করে ১১৫টি সোনার বার পাওয়া যায়। এর ওজন ১৫ কেজির মতো, আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।”

তার  কাছে আরও সোনা থাকতে পারে বলে সন্দেহ শুল্ক কর্মকর্তাদের। সেজন্য তাকে তল্লাশি করা হচ্ছে বলে জানান মাহবুবুর।