যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা নেই

এভিয়েশন নিউজ : বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের ফ্লাইট চলাচলে কোন নিষেধাজ্ঞা দেয়া হয়নি। ৩১ মার্চ থেকে ৭ দিনের যে নিষেধাজ্ঞা সেটি রাস্ট্রীয় ক্যারিয়ার বাংলাদেশ বিমানের নিজস্ব সিদ্ধান্ত। এর সঙ্গে বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষের (বেবিচক) কোন সম্পৃক্ততা নেই। বৃহস্পতিবার বেবিচক ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রনালয় এই তথ্য নিশ্চিত করেছে।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান বলেছেন, সরকার যে চার দেশের সঙ্গে বিমান চলাচল অব্যাহত রাখার কথা জানিয়েছে সেটি এখনো বহাল আছে। এই ৪ দেশ হলো যুক্তরাজ্য, চীন, হংকং ও থাইল্যান্ড।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সুত্রেও জানাগেছে এখনো প্রতিদিনই এই চার দেশ থেকে ফ্লাইট নামছে দেশে। আবার যাত্রী নিয়ে ফ্লাইট ছেড়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার এই চার দেশ থেকে ৮ থেকে ১০টি করে ফ্লাইট শাহজালালে অবতরণ করেছে বলেও ওই সুত্র জানায়।

এদিকে সরকার যুক্তরাজ্য, চীন, হংকং ও থাইল্যান্ড এই ৪ দেশের সঙ্গে বিমান যোগাযোগ অব্যাহত রাখার ঘোষনা দিলেও একমাত্র চীন ছাড়া আর কোন দেশের সঙ্গে ফ্লাইট চালাচ্ছে না দেশের কোন বিমান সংস্থা।

ইউএসবাংলা এয়ারলাইন্স একমাত্র গুয়াজুতে প্রতিদিন একটি ফ্লাইট ছাড়া আর কোন দেশের সঙ্গে ফ্লাইট চালাবে না বলে জানিয়েছে। যদিও থাইল্যান্ডের সঙ্গে তাদের ফ্লাইট ছিল। একইভাবে বাংলাদেশ বিমানও এই ৪ রুটের কোন দেশের সঙ্গে ফ্লাইট না করার ঘোষনা দিয়েছে। রিজেন্ট এয়ারলাইন্স ইতিমধ্যে সব দেশের সঙ্গে ফ্লাইট চলাচল সাসপেন্ড করেছে।