একুশে বার্তা রিপোর্ট: কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক প্রায় দেড় কোটি টাকা মূল্যের ২ কেজি স্বর্ণ, ১৬৫০ পিস বিদেশী মেডিসিন ও অন্যান্য পণ্য আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারী করতে থাকে। গ্রীন চ্যানেলে নজরদারী ও তল্লাশীর এক পর্যায়ে বিকাল ৫.০০ টায় ব্যাংকক থেকে আগত ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নং-BS214 এর যাত্রী আব্দুস সালাম, সালাম ও আশিকুর রহমান আদেলকে চ্যালেন্জ ও তল্লাশী করে তাদের নিকট ৮৫০ গ্রাম স্বর্ন পাওয়া যায়। অন্যান্য কয়েকটি ফ্লাইটের কয়েকজন যাত্রীকে তল্লাশী করে আরো ১.২৫০ কেজি স্বর্ণ আটক করা হয়েছে। দুবাই থেকে আগত ফ্লাইট নং-EK586 এর যাত্রী এমদাদুল হককে তল্লাশী করে ১৬৫০ পিস মূল্যবান মেডিসিন এবং কোলকাতা থেকে আগত কয়েকটি ফ্লাইটের কয়েকজন যাত্রীকে তল্লাশী করে ২০০ পিস শাড়ী ও থ্রিপিস পাওয়া যায়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।স্বর্ণ বহনকারী যাত্রী মোঃ আশিকুর রহমান আদেলকে পুলিশে সোপর্দকরণসহ আটককৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
