সাংবাদিকরা সত্য প্রকাশ করলে গুপ্তচরবৃত্তি হবে না : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : নতুন ডিজিটাল আইনের ৩২ নম্বর ধারায় উল্লিখিত গুপ্তচরবৃত্তির অপরাধ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিকরা কোনো অবৈধ ঘটনা প্রকাশ করেন, তবে সেটি গুপ্তচরবৃত্তি বা অপরাধ হবে না।

৩০ জানুয়ারি  মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

গুপ্তচরবৃত্তি একটি অপরাধ উল্লেখ করে আনিসুল হক বলেন, এটা আগেও ছিল, এখনও আছে। এটা নতুন করে বলার কিছু নেই।

বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করা হয়েছে কিন্তু তাদের আইনের আওতায় আনা যায়নি। এখন ডিজিটাল আইনের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে-বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে উল্লেখিত সংজ্ঞায়িত অপরাধ না করলে এ আইনের মাধ্যমে কেউ হয়রানির শিকার হবেন না। এ আইনে কারো বাকস্বাধীনতা হরণ করা হয়নি, ফলে বাক স্বাধীনতাও ক্ষুণ্ণ হবে না।

এই আইনের মাধ্যমে কেউ হয়রানি হোন, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান না বলেন জানান আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, ‘এ কারণেই ৫৭ ধারা বিলুপ্ত করা হয়েছে। আমি মনে করি, আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় বাক স্বাধীনতা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। ৫৭ ধারার অপব্যবহার হচ্ছিল, আমরা সেটি বন্ধ করার কমিটমেন্ট (অঙ্গীকার) করেছিলাম। আমরা সেটিই বাস্তবায়ন করেছি।