একুশে বার্তা রিপোর্ট : বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের দৌ্ড়-ঝাপের পর অবশেষে প্রকাশ করা হলো যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের চতুর্থ ড্রিমলাইনার রাজহংস সময়মতো বাংলাদেশে আসছে না। নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে বিমানের কাছে হস্তান্তরের আগে এই ত্রুটি ধরা পড়ে। এ যেন বিসমিল্লায়ই গলদ!
চতুর্থ ড্রিমলাইনার গ্রহণ করতে যুক্তরাষ্ট্রের সিয়াটলে যাওয়া বিমান মন্ত্রণালয় এবং বিমানের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এয়ারক্রাফটটির একটি পাখায় হঠাৎ করে সমস্যা দেখা দেয়।
এ কারণে ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১১টায় রাজহংস এয়ারক্রাফটটি আনুষ্ঠানিকভাবে বিমানের কাছে বুঝিয়ে দেয়ার কথা থাকলেও বোয়িং কর্তৃপক্ষ এখন তা পারছে না।
বাম পাশের পাখার ত্রুটি মেরামত করে চলাচলের উপযোগী করতে নির্মাতা প্রতিষ্ঠান বিমানের কাছে আপাতত ৪৮ ঘণ্টা সময় চেয়েছে। নতুন সময় অনুযায়ী ১৩ সেপ্টেম্বর দুপুরে রাজহংসের সিয়াটল থেকে রওনা হওয়ার প্রাথমিক সময় ঠিক করা হয়েছে।
পরদিন ১৪ সেপ্টেম্বর ঢাকায় রাজহংসর আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
