৩ সিটিতে আ.লীগের মনোনীত হলেন যারা

একুশে বার্তা প্রতিবেদন : রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে তিনজনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। একইসঙ্গে কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনসহ আরও কয়েকটি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দিয়েছে দলটি।

২২ জুন  শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, আসন্ন তিন সিটি নির্বাচনে রাজশাহীতে এইচ এম খায়রুজ্জামান লিটন, সিলেটে বদর উদ্দিন আহমদ কামরান ও বরিশালে সাদিক আবদুল্লাহকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে এম এ মতিনকে।

ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সভায় তিন উপজেলা, পাঁচ পৌরসভা ও ১০ ইউনিয়নে দলের প্রাথী চূড়ান্ত করা হয়েছে।

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিতে আগামী ৩০ ‍জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগমী ২৮ জুন। আর মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ ও ২ জুলাই। আগামী ৯ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।