একুশে বার্তা ডেক্স : ছয় দফা কর্মসূচি ঘোষণা করে হকার পুনর্বাসনের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। ৪ এপ্রিল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হকার নেতারা এ দাবি জানান। এছাড়া ছয় দফা কর্মসূচিও ঘোষণা করেন তারা। এরমধ্যে ৬ এপ্রিল মতিঝিল শাপলা চত্ত্বরে সকাল ১১ টায় মানববন্ধন, ১০ এপ্রিল মতিঝিলে বিকাল ৫টায় হকার নেতা শহীদ মোহাম্মদ হানিফ স্মরণে শোক সভা, ১৪ এপ্রিল ১লা বৈশাখ ঢাকায় হকারদের বাঁচার দাবি সম্বলিত প্রচারপত্র বিলি, ১৬ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনের হকার প্রতিনিধি সভা, ২৩ এপ্রিল বেলা ১২ টায় প্রধানমন্ত্রী বরাবর হকার পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি এবং ১লা মে মহান মে দিবসে ঢাকায় হকার মহাসমাবেশ।
৩০ তোপখানা রোডস্থ শহীদ রাসেল আহমেদ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের উদ্যোগে হকারদের পুনর্বাসনের দাবিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবুল হোসাইন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সরদার খোরশেদ, মো. সাইজুদ্দিন মিয়া, আরিফ চৌধুরী, আবুল খায়ের, আব্দুল মান্নান, আলমগীর তালুকদার, মো. শহীদুল ইসলাম, শাহিনা আক্তার, মো. জাহাঙ্গীর প্রমুখ।
