আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে বিএনপি: মওদুদ

স্টাফ রিপোর্টার : ক্ষমতায় গেলে আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে বিএনপি। আগামীতে ক্ষমতায় গেলে কোন মন্ত্রী, কোন এমপি কত টাকা দুর্নীতি করেছে তার তালিকা প্রকাশ করা হবে। আজ ২ মার্চ শুক্রবার  দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক  আলোচনাসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন,  আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের জেলা পর্যায় থেকে শুরু করে মন্ত্রী, এমপিসহ সকল পর্যায়ের নেতারা কত টাকার দুর্নীতি করেছে তার বিবরণী প্রকাশ করা হবে। বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা চুরি হয়ে গেলেও কাউকেই ধরা গেল না। আমাদের নেতাকর্মীদের ধরে ধরে মামলা দেয়া হচ্ছে। আবার হলমার্ক, ডেসটিনি ও শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হলেও এতে কারো বিচার হয়নি।
মওদুদ আরো বলেন, এই সরকারকে একদিন না একদিন বিদায় নিতে হবে।