একুশে বার্তা প্রতিবেদন : বঙ্গবন্ধু এভিনিউয়ে আধুনিক প্রযুক্তিসম্পন্ন আওয়ামী লীগের নবনির্মিত ১০ তলা ভবনের কেন্দ্রীয় কার্যালয় আগামী ২৩ জুন উদ্বোধন করা হবে। উদ্ধোধন করবেন আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ২৩ জুনের এই দিনটি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীও। নতুন ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে । গত ২৩ মে বুধবার সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভবনটি ঘুরে দেখেন। ভবন নির্মাণের তদারককারী ও দলের সভাপতিমন্ডলীর সদস্য গৃহায়নমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও এ সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি দেশের বৃহত্তম পার্টি অফিস হবে। পুরনো ভবন ভাঙার প্রায় দুই বছর পর নতুন ভবনে উঠতে যাচ্ছে আওয়ামী লীগ। নবনির্মিত ১০ তলা ভবনের ৬-৭ তলা পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যালয় থাকবে। থাকবে কনফারেন্স হল, সেমিনার রুম, ডিজিটাল লাইব্রেরি, ভিআইপি লাউঞ্জ, ক্যান্টিন, সাংবাদিক লাউঞ্জ ও ডরমিটরি। আওয়ামী লীগ নেতারা জানান, সভাপতি এবং সাধারণ সম্পাদকের জন্য বড় পরিসরে আলাদা কক্ষ থাকছে। পুরো কার্যালয়টিতে ওয়াইফাই জোন হবে।
১৯৮১ সালের দিকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দলের দায়িত্ব নেওয়ার পর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঠিকানা হয়। ২০১৬ সালের ১৭ জুলাই এই কার্যালয়টি ভাঙা হয়। ঢাকা মহানগর আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও স্বেচ্ছাসেবক লীগ আশপাশে বিভিন্ন স্থানে অফিস ভাড়া নিয়ে কার্যক্রম চালাচ্ছে। আগামী ২৩ জুন আওয়ামী লীগ ও তাদের সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলো এক ছাদের তলায় স্থায়ী কার্যালয় পাচ্ছে।
