আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় মদের বার, ক্যাসিনো

নিউজ ডেক্স : বাসার সেলফ, শোকেসজুড়ে স্তরে স্তরে সাজানো বিদেশি ব্র্যান্ডের মদের বোতল। শুধু তাই না, মদ বিক্রিও করা হতো এই বাসা থেকেই। সেই সঙ্গে বাসায় পাওয়া গেছে ক্যাসিনো সামগ্রী। গুলশানের এই আলিশান বাসার মালিক বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই। বাসায় অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল মিনি বার এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। গত ২৭ অক্টোবর  ৫টার দিকে গুলশান-২ নম্বর সেকশনের ৫৭ নম্বর সড়কের ১১/এ নম্বর বাসায় এই অভিযান চালানো হয়। এসময় দু’জনকে আটক করা হয়েছে।

দীর্ঘদিন থেকেই বাড়ির ছাদে গড়ে তোলা হয়েছিলো মিনি বার। মদ থেকে শুরু করে নানা মাদক পাওয়া যেতো এই বারে।

সন্ধ্যা হলেই ব্যবসায়ী, সরকারি চাকরিজীবীসহ দেশের প্রতিষ্ঠিত, পরিচিত অনেকেই ছুটে যেতেন ওই বারে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কোনো ধরনের অনুমতি না নিয়েই এটি পরিচালনা করা হচ্ছিলো। মদের বার ছাদে থাকলেও বাসার ভেতরে একটি বড় কক্ষে মদ মজুদ রাখা হতো। বারটি পরিচালনার সঙ্গে জড়িতরা অভিযানের খবর পেয়ে পালিয়ে যেতে চেষ্টা করেন। এসময় পারভেজ ও নবীন নামে দু’জনকে আটক করা হয়। তারা দু’জনই এই বার পরিচালনার সঙ্গে জড়িত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খুরশিদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমানের নেতৃত্বে বাসাটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিপুল বিদেশি মদ, গাঁজা, এক হাজার পিস ইয়াবা এবং ক্যাসিনো পরিচালনার কয়েন, কার্ড, গুটি জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই বারে মদের পাশাপাশি পরিচালনা করা হতো ক্যাসিনো। এই অভিযানের মাধ্যমে আবারও আলোচনায় এলেন আজিজ মোহাম্মদ ভাই। বর্তমানে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পলাতক রয়েছেন তিনি। অভিযোগ রয়েছে, ১৯৯৬ সালে প্রতারণার মাধ্যমে শেয়ার বাজার থেকে বিপুল টাকা হাতিয়ে নেন আজিজ মোহাম্মদ ভাই। এ বিষয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিএসইসি।

শেয়ার কেলেঙ্কারির এই মামলায় গত বছরের ২৯ আগস্ট আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক হিসেবে খ্যাত সালমান শাহ ‘হত্যাকান্ডে’ বারবার আলোচনায় আসেন আজিজ মোহাম্মদ ভাই। চলচ্চিত্র জগতের আলোচিত মুখ এবং ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইর নামের শেষ শব্দটি ভাই। ভাই শব্দটি তাদের বংশ পদবি। তাদের পরিবারের সবার নামের শেষেই এই পদবি রয়েছে। তার পিতার নাম মোহাম্মদ ভাই। ১৯৪৭ সালে দেশভাগের পর তাদের পরিবার ভারতের গুজরাট থেকে বাংলাদেশে আসে। ঢাকায় তারা প্রতিষ্ঠা করেন বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আজিজ মোহাম্মদ ভাইয়ের স্বজনরা ঢাকায় ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করেন। তিনি বিদেশে অবস্থান করছেন। বিদেশেও তার ব্যবসা রয়েছে।