নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা আব্দুল মইন খান বলেছেন, বিএনপি ২০১৪ সালে নির্বাচনে না গিয়ে ভুল করেনি, বরং আওয়ামীলীগ বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে না দেয়ায় এক তরফা নির্বাচন করে অর্থাৎ ‘ভোটারবিহীন নির্বাচন’ করে আ‘লীগের গায়ে ‘কলঙ্কের তিলক’ লেগেছে। তিনি বলেন কলংকের দাগ মুছতে হলে পরবর্তী নির্বাচনে বিএনপিকে প্রয়োজন।
৬ জানুয়ারি শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় তিনি বলেন, ‘সরকারি দলের নেতারা প্রতিনিয়ত বলেন, ২০১৪ সালের নির্বাচন অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। আগামী নির্বাচনে অংশ না নিলে দল শেষ হয়ে যাবে।’
‘আমার কথা হলো, বিএনপি ভুল করলে তো তাদের সুবিধা। তাহলে বিএনপির ভুল নিয়ে তারা কেন এত চিন্তিত? তার অর্থ হচ্ছে, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি ও ২০ দল অংশ না নিয়ে কোনো ভুল করেনি। তারা নির্বাচনে না যাওয়ায় আ.লীগের মাথায় কলঙ্কের তিলক লেগেছে। এই তিলক মুছতে হলে বিএনপিকে প্রয়োজন’, বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
‘জাতীয় সংকট উত্তরণে গ্রহণযোগ্য নির্বাচন : নাগরিক ভাবনা’ শীর্ষক এই সভার আয়োজন করে ডেমোক্রেটিক মুভমেন্ট নামের একটি সংগঠন।
দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে জনগণ অবাধে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না বলে দাবি করেন মঈন খান।
তিনি বলেন, ‘এমন একটি সরকারের অধীনে নির্বাচন হতে হবে যারা সম্পূর্ণ নির্ভুলভাবে নির্বাচন পরিচালনা করবে। এমনকি নির্বাচনের ফলাফলের ওপর তাদের কোনো স্বার্থ থাকবে না। সম্পূর্ণ বাইরে থেকে নির্বাচন পরিচালনা করবে। এটাই হওয়া উচিত আগামী নির্বাচনের রূপরেখা।’
সংবিধানের দোহাই দিয়ে সরকার ধোঁকাবাজি করছে মন্তব্য করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘এদেশের মানুষ ভোটাধিকার চায়, গণতন্ত্র চায়। সংবিধানের অজুহাত অর্থহীন। সংবিধানের অজুহাতে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।’
তিনি বলেন, ‘৪৬ বছরের আগের শ্লোগানে হবে না। এখন নতুন শ্লোগান হবে- আজকের সংগ্রাম গণতন্ত্রের সংগ্রাম, আজকের সংগ্রাম ভোটাধিকারের সংগ্রাম।’
এ সময় তিনি দলের নেতাকর্মীদের নির্বাচনের আগ পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি ও এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
