নিউজ ডেক্স : হাসপাতালে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং তার স্বামী রংপুরের পীরগঞ্জের ইউএনও মো. মেজবাউল হোসেনকে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ওয়াহিদা অসুস্থ এবং হাসপাতালে থাকায় আপাতত তাকে কোনো পদায়ন না করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি এভাবেই থাকবেন।
অন্যদিকে তার স্বামীকে বদলি করে ঢাকায় নিয়ে আসা হয়েছে যেন তিনি সার্বক্ষণিক ওয়াহিদার চিকিৎসার খোঁজ-খবর রাখতে পারেন। প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদের আবাসিক এলাকায় ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা করে দুর্বৃত্তরা। হাতুড়ির আঘাতে আহত ইউএনও ওয়াহিদা এবং তার বাবাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
