ডেক্স রিপোর্ট : সিরাজগঞ্জ সদরের মুলিবাড়ী এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ৪ ডিসেম্বর বুধবার দুপুর সোয়া ১টার দিকে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ঈশ্বরদী থেকে আসা ভারতীয় পাথর বোঝাই ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে পৌঁছার কথা। মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি আটকা রয়েছে।
তিনি আরও জানান, ট্রেনটি উদ্ধারে ইতিমধ্যে ঈশ্বরদী থেকে লাইফ ইঞ্জিন ঘটনাস্থলে আসছে।
ওই ট্রেন আসার পর এ রেলপথ সচল হবে। আশা করছি সেটি অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছবে।
এদিকে, সিরাজগঞ্জ শহরের মূল প্রবেশ পথ মুলিবাড়ী চেকপোস্টে এ ইঞ্জিনটি বিকল হওয়ার কারণে সিরাজগঞ্জ-মুলিবাড়ি আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
