একুশে বার্তা প্রতিবেদন : কোটা সংস্কারের আন্দোলনকে রাজনীতিকীকরণের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গত মংগলবার সচিবালয়ে নিজ দপ্তরে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন ও দাবিকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ঘোলা জলে মাছ শিকার করতে আন্দোলনকে রাজনীতিকীকরণের চেষ্টা চলছে। উস্কানিদাতারা একটি লাশ চেয়েছিল, পায়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখে আন্দোলনকারীদের ধৈর্য ধরে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, উসকানির ফাঁদে পা ও গুজবে কান দেবেন না। সাধারণ জনগণ জিম্মি হয় বা দুর্ভোগে পড়ে, এমন কর্মসূচি নেবেন না। তিনি বলেন, উসকানিদাতারা একটি লাশ চেয়েছিল, পায়নি। তাই তো তাদের দুঃখ। কোনো শ্রেণি পেশার আন্দোলন আমরা গায়ের জোরে সমাধান করতে চাই না।
