‘এক নেতা এক দেশ, এক গুলিতেই সব শেষ’ , বংগবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর মতো ওদ্ধত্যপূর্ন মন্ত্রী মতিয়া চৌধুরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি করলেন কাদের সিদ্দিকী

একুশে বার্তা প্রতিবেদন : মন্ত্রিসভা থেকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বরখাস্তের দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয় সংসদে মতিয়া চৌধুরীর বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, ইতোপূর্বেও মতিয়া চৌধুরী বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর মতো ঔদ্ধত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। বঙ্গবন্ধুর শাহাদতের পর ‘এক নেতা এক দেশ এক গুলিতেই সব শেষ।’

এমন আরো অনেক ঔদ্ধত্বপূর্ণ অমানবিক কথা বলার দুঃসাহস দেখিয়েছেন। বঙ্গবীর বলেন, দেশের তরুণ প্রজন্মের যেকোনো দাবি দাওয়া মাতৃসুলভ মন নিয়ে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর বিবেচনা করা উচিত, সেখানে দেশের ভবিষ্যত ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের পবিত্র সংসদে দাঁড়িয়ে “রাজাকারের বাচ্চারা” বলা পবিত্র সংসদ, গোটা জাতি, সর্বোপরি স্বাধীনতাকেই গালি দেয়ার সামিল। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী মতিয়া চৌধুরীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে তার যথাযথ বিচার করবেন এমনটাই আশা করি।

মির্জা ফখরুলের মায়ের মৃত্যুতে শোক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। বঙ্গবীর মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বলেন, মা হারানোর বেদনা কতটা বেদনাদায়ক তা নিজের মা হারিয়ে আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি। আল্লাহ যেন মির্জা ফখরুল ও তার পরিবার পরিজনদের এই শোক সইবার শক্তি দেন।