একুশে বার্তা ডেক্স : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব এএসএম এমদাদুদ দস্তগীর ও তার স্ত্রী বিশেষ জজ হোসনে আরা আক্তারের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৬ মার্চ মঙ্গলবার দুদকের উপপরিচালক ঋত্বিক সাহা স্বাক্ষরিত এ-সংক্রান্ত নোটিশ তাদের কার্যালয় ও বাসার ঠিকানায় পাঠানো হয়েছে।
নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আলাদাভাবে সম্পদ বিবরণী পেশ করতে হবে। এ সময়ের মধ্যে পেশ করা সম্ভব না হলে আবেদনের মাধ্যমে আরও সাত কার্যদিবস সময় বাড়িয়ে নিতে পারবেন তারা। অভিযোগটি অনুসন্ধান করছেন দুদক উপপরিচালক ফরিদুর রহমান।
অভিযুক্ত ওই দম্পতির কাছে পাঠানো নোটিশে বলা হয়, তাদের ওপর নির্ভরশীল পোষ্যদের নামে-বেনামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ/সম্পত্তি, দায়-দেনা ও সম্পদের উৎস উল্লেখ করে বিবরণ জমা দিতে হবে।
জানা গেছে, হোসনে আরা আক্তার সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা জজের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ জজ।
