এরশাদ- বার্নিকাট একান্ত বৈঠক : দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট ও আগামি নির্বাচন নিয়ে আলোচনা

একুশে বার্তা প্রতিবেদন : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। গতকাল শুক্রবার সকাল ১০টার পর হঠাৎ বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে যান বার্নিকাট। সেখানেই এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় পার্টির আর কোনো নেতাকর্মী ছিলেন না বলে
নিশ্চিত করেছেন এরশাদের গণমাধ্যম ও রাজনৈতিক সচিব সুনীল শুভরায়। তিনি বলেন, বার্নিকাটের সঙ্গে এরশাদের এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের বিষয়ে এর চেয়ে বিস্তারিত আর কিছু আমি জানি না। এদিকে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত এরশাদ-বার্নিকাটের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে দলের আর কোনো নেতা উপস্থিত ছিলেন না। দলের নেতাকর্মীরা বার্নিকাটের সঙ্গে এই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করছেন। জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টি এখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি। যদিও এরশাদ বলে আসছেন ৩০০ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি। তবে দলের নীতিনির্ধারকরা বলছেন, নির্বাচনে বিএনপি আসলে জাতীয় পার্টি নতুন করে ভাববে। তখন হয়তো আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হতে পারে। এর বিপরীত পক্ষের সঙ্গে সমঝোতারও সম্ভাবনাও নাকচ করছেন না নেতারা। আর বিএনপি আগের বারের মতো নির্বাচন বর্জন করলে জাতীয় পার্টি নির্বাচনে বিরোধী পক্ষের ভূমিকায় অবতীর্ণ হতে পারে। ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের আগে এরশাদ নির্বাচন বর্জনের পক্ষ নিয়ে নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি অবস্থানে থাকতে পারেননি। পরিস্থিতির কারণে তাকে হাসপাতালে থাকতে হয়। তখন প্রতিবেশী দেশের একজন কর্মকর্তা এরশাদের সঙ্গে বৈঠক করার বিষয়টি ব্যাপক আলোচিত হয়।