কাল সুপ্রিম কোর্ট বারের নির্বাচন

একুশে বার্তা প্রতিবেদন : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ২০১৮-১৯ মেয়াদের নির্বাচনে দু’দিনব্যাপী ভোট গ্রহণ বুধবার শুরু হবে। বৃহস্পতিবারও ভোট গ্রহণ করা হবে।

এই দুদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

নির্বাচনে প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ ও সমমনা আইনজীবীদের ব্যানারে সম্মিলিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী (সাদা প্যানেল) এবং বিএনপি জোট সমর্থক আইনজীবীদের ব্যানারে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের (নীল প্যানেল) প্রার্থীসহ মোট ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে কয়েকটি পদে রয়েছেন পাঁচজন স্বতন্ত্র প্রার্থী। সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মোট ভোটার ছয় হাজার ১৫২ জন।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন এবং সম্পাদক পদে শেখ মোহাম্মদ মোরশেদ।

অন্যদিকে, বিএনপি জোট সমর্থিত নীল প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বারের বর্তমান সভাপতি মো. জয়নুল আবেদীন এবং সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের বর্তমান সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন।

অন্যান্য পদে সাদা প্যানেলের প্রার্থীরা হলেন- সহসভাপতি আলালউদ্দীন, মোহাম্মদ শামসুর রহমান, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ ইকবাল করিম, সহসম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক ও ইয়াদিয়া জামান এবং সদস্যপদে ব্যারিস্টার আশরাফুল হাদী, হুমায়ুন কবির, চঞ্চল কুমার বিশ্বাস, শাহানা পারভীন, রুহুল আমিন তুহিন, শেখ মোহাম্মদ মাজু মিয়া ও মোহাম্মদ মুজিবর রহমান সম্রাট।

অন্যান্য পদে নীল প্যানেলের প্রার্থীরা হলেন- সহসভাপতি ড. মো. গোলাম রহমান ভূঁইয়া, এম গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহসম্পাদক কাজী জয়নুল আবেদীন, আনজুমানারা বেগম এবং সদস্যপদে ব্যারিস্টার সাইফুর আলম মাহমুদ, মো. জাহাঙ্গীর জমাদ্দার, মো. এমদাদুল হক, মাহফুজ বিন ইউসুফ, সৈয়দা শাহীনারা লাইলী, মো. আহসান উল্লাহ ও মোহাম্মদ মেহদী হাসান।

এ ছাড়া দুই প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার বিভিন্ন পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন সভাপতি পদে ইউনুস আলী আকন্দ ও শাহ খসরুজ্জামান, সহসভাপতি পদে মো. আবদুল জব্বার ভূঁইয়া, সম্পাদক পদে মোহাম্মদ আবুল বাসার ও সদস্যপদে তাপস কুমার দাস।