খালেদার চিকিৎসার বিষয়ে সরকার কার্পণ্য করবে না : সেতুমন্ত্রী

একুশে বার্তা রিপোর্টার :  আজ শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মন্ডলির সভা শেষে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার কোনো কার্পণ্য করবে না। চিকিৎসকদের বোর্ড যদি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করার জন্য পরামর্শ দেন তাহলে তাই করা হবে।

এর আগে আজ (শুক্রবার) সকালে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি শঙ্কিত উল্লেখ করে তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করানোর দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুলের এমন দাবির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশেও সুচিকিৎসার ব্যবস্থা আছে । ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বেগম জিয়ার চিকিৎসার জন্য যা যা করা দরকার তাই করা হবে।

স্থানীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, আমাদের বিদ্রোহী প্রার্থীদের কারণে অনেক জায়গায় বিএনপি প্রার্থীর কাছে হেরে গেছি। বিএনপি যে সব জায়গায় জিতেছে তা আওয়ামী লীগের বিদ্রোহের ফসল। সুপ্রিম কোর্টেও আমাদের নেতাদের মধ্যে ঝামেলা ছিল। যে কারণে আমাদের পরাজয় ঘটেছে। এসব বিষয় নিয়ে অfমরা সম্পাদক মন্ডলীর সভায় আলোচনা করেছি।

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আফম বাহাউদ্দিন নাসিম, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফরিদুন্নাহার লাইলী প্রমুখ উপস্থিত ছিলেন।