একুশে বার্তা প্রতিবেদন ; বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজাকে আদালতের বিষয় উল্লেখ করে এর প্রতিক্রিয়ায় দলের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা আদালতের বিষয়। এ নিয়ে উচ্ছ্বাসের কিছু নেই। কারণ এ রায় আদালত দিয়েছে, সরকার নয়। বরং সবাইকে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কেননা বিএনপি শান্তিপূর্ণ প্রতিবাদের নামে তারা দেশজুড়ে অশান্তি সৃষ্টি করতে চায়।
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। জিয়া অরফানেজ মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদ-ের রায় নিয়ে বিএনপির নেতাদের বিভিন্ন অভিযোগের জবাব দিতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওবায়দুল কাদের বলেন, রায়ের দিন তারা বিশৃঙ্খলা করতে চেয়েছিল কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী এবং দলের নেতাকর্মীরা সতর্ক থাকায় সেটা তেমনভাবে করতে পারেনি। রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির দেয়া বিক্ষোভ কর্মসূচীর সমালোচনা করে তিনি বলেন, তারা বলছেন, এই রায় সরকারের দেয়া। এ বক্তব্যের মাধ্যমে আসলে তারা আদালতকে মানছেন না। এ কর্মসূচী আদালতের বিরুদ্ধে। যদি আদালতকে নাই মানবেন তাহলে আবার আপীল কেন? এখনও হাইকোর্ট, আপীল বিভাগ এবং রিভিউ নিয়ে তিন ধাপে আইনী লড়াই করার সুযোগ আছে।
বিএনপি সরকারের আইনমন্ত্রী মওদুদ আহমদও আইনের শাসনকে তোয়াক্কা করেনি মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সেই মওদুদ আহমদ আবার বলছেন, রায় সংবিধানবিরোধী। আসলে এরা সংবিধান, আদালত কিছুই মানেন না। একদিকে তারা ধৈর্য ধরার কথা বলছেন, অন্যদিকে তারা তা-ব করছে। এগুলো অত্যন্ত ন্যক্কারজনক। তিনি বলেন, বিএনপি রাজনৈতিক কর্মসূচী দিলে আওয়ামী লীগ তা রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে আর সন্ত্রাস-নাশকতা করলে সেটা আইন-শৃঙ্খলা বাহিনী দেখবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের এ কে এম এনামুল হক শামীম, ড. আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, দেলোয়ার হোসেন, এস এম কামাল হোসেন, মারুফা আক্তার পপি, মোল্লা মোঃ কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন।
