খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর বৈধতা নিয়ে রিট

একুশে বার্তা প্রতিবেদন : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর বৈধতা নিয়ে রিট আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পক্ষে রোববার আইনজীবী নওশাদ জমির রিট আবেদন করেন। কাল সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি হতে পারে।

খালেদা জিয়ার অন্যতম আইনজীবী কায়সার কামাল বলেন, বিএসএমএমইউতে খালেদা জিয়ার চিকিৎসাসেবা শেষ না করে কারাগারে পাঠিয়ে দেয়া হয়, যা মৌলিক অধিকারের পরিপন্থী। এই যুক্তিতে রিটটি করা হয়। রিটে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা চলমান রাখার আরজি জানানো হয়েছে। রিটটি আদালতে উত্থাপন করা হয়েছে, সোমবার শুনানি হতে পারে। খালেদা জিয়াকে কেন পর্যাপ্ত চিকিৎসাসেবা দেয়া হবে না এই মর্মে রুল চাওয়া হয়েছে রিটে। স্বরাষ্ট্রসচিব, কারা কর্তৃপক্ষ, বিএসএমএমইউ কর্তৃপক্ষসহ নয়জনকে বিবাদী করা হয়েছে রিটে। বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দিতে নির্দেশনা চেয়ে এর আগে খালেদা জিয়ার করা রিট আবেদনটি গত ৪ অক্টোবর নিষ্পত্তি করে কিছু নির্দেশনা ও পর্যবেক্ষণসহ আদেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশের পর চিকিৎসার জন্য ৬ অক্টোবর তাঁকে বিএসএমএমইউতে নেয়া হয়। এরপর থেকে তিনি ওখানে চিকিৎসাধীন ছিলেন। প্রায় এক মাস চিকিৎসার পর ৮ নভেম্বর বিএসএমএমইউ থেকে তাঁকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে ফিরিয়ে নেয়া হয়।