একুশে বার্তা প্রতিবেদন : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ সোমবার দেখা করবেন বিএনপি নেতারা।
বিকাল ৩টায় পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে দলের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির তিন সদস্য।
স্থায়ী কমিটির তিন সদস্য হলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।
এদিকে দলের সাবেক স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ তানভীর সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
সূত্র জানায়, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রোববার রাতে স্থায়ী কমিটির বৈঠকে দল, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের মতামত এবং সিদ্ধান্তের একটি সারসংক্ষেপ তৈরি করা হয়।
এ সারসংক্ষেপ আজ কারাবন্দি খালেদা জিয়াকে অবহিত করবেন নীতিনির্ধারকরা। মহাসচিবসহ আটজন স্থায়ী কমিটির সদস্য কারাবন্দি দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ চেয়ে ৮ অক্টোবর সংশ্লিষ্টদের কাছে চিঠি দেয় বিএনপি।
সূত্র জানায়, মহাসচিবসহ চারজন সাক্ষাতের অনুমতির কথা জানানো হলে রোববার রাতে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন। সেখানেই নীতিনির্ধারকরা ঠিক করেন মহাসচিবসহ তিন স্থায়ী কমিটির সদস্য সাক্ষাৎ করতে যাবেন।
