খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

একুশে বার্তা প্রতিবেদন : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।  ২৫ মার্চ রোববার দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশের সড়কে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের কয়েক শ’   নেতা-কর্মী একত্রিত হয়ে আজাদ প্রোডাক্টসের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন। দৈনিক বাংলার দিকে কিছুটা অগ্রসর হয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তাঁরা দ্রুত এলাকা ত্যাগ করেন।

এ সময় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, দেশনেত্রীকে কারাগারে আটক রেখে সরকার আরও জনবিচ্ছিন্ন হয়ে গেছে। সরকার খালেদা জিয়ার কারাবাস দীর্ঘ করতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। ছাত্রসমাজ এই ষড়যন্ত্র আন্দোলনের মাধ্যমে রুখে দেবে।

ছাত্রদলের পূর্বঘোষিত এই বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহসভাপতি এজমল হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।