‘ঘরে ঘরে চাকরি নয় ঘরে ঘরে ইয়াবা : চারদিকে নেই আর নেই, গণতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই’

একুশে বার্তা প্রতিবেদন : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা শুনেছিলাম। এখনো ঘরে ঘরে চাকরি হয়নি। তবে ঘরে ঘরে চলে গেছে ইয়াবা। আর সুশাসনের অভাবে দেশে ধর্ষণ বেড়ে গেছে। বেড়ে গেছে গুম, খুন, সন্ত্রাস

ও চাঁদাবাজি আর দলবাজি।  ১ মে মঙ্গলবার বিকালে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে এক শ্রমিক সমাবেশে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর বিশেষদূত এরশাদ বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন মাদকের ছোবলে টালমাটাল। দেশটা অধঃপতনে গেছে। খবরের কাগজ খুললেই শুধু হত্যা আর মৃত্যুর সংবাদ চোখে পড়ে। আমরা বাঁচতে চাই, দেশ ও মানুষ বাঁচতে চায়। তাই পরিবর্তন প্রয়োজন। আর জাতীয় পার্টি ছাড়া এ পরিবর্তন সম্ভব নয়।

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, আমাদের হাতে আজ কিছুই নেই। হাসি নেই, আনন্দ নেই, শান্তি নেই, বাকস্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, নিরাপত্তা নেই, নাগরিক অধিকার নেই, শ্রমিকের কাজ নেই, কৃষকের খাওয়া নেই, বেকারের বাঁচার পথ নেই, বিচার নেই, আইনের শাসন নেই  শুধু নেই আর নেই। আছে শুধু হাতবাঁধা শৃঙ্খল। এ শৃঙ্খল আজ আমাদের ভাঙতে হবে- এটাই হোক মে দিবসের অঙ্গীকার।

জাতীয় শ্রমিক পার্টির সভাপতি একেএম আসরাফুজ্জামান খানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতী প্রমুখ।