জোট নেতাদের বৈঠকে খালেদা জিয়া : আপস নয়, আমরাই সরকার গঠন করব

একুশে বার্তা প্রতিবেদন : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকারের সঙ্গে কোনো আপস নয়, আমরাই সরকার গঠন করব। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আপস যদি করতাম মঈন-ফখরুদ্দীনের সঙ্গেই তো করতে পারতাম। দেশ ও দেশের জনগণের স্বার্থে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

গত২৮ জানুয়ারি  রাতে ২০-দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। জবাবে জোট নেতারা বলেন, ম্যাডাম আপনার সঙ্গে আছি। আপনাকে ছেড়ে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব না। নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই আমরা আপনার নেতৃত্বে নির্বাচনে অংশ নেব।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি রায়কে সামনে রেখে ২০-দলীয় জোট নেতাদের সঙ্গে এই বৈঠক করেন চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে তার কার্যালয়ে রাত সোয়া ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বৈঠক করেন তিনি। এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। সর্বশেষ ২০-দলীয় জোটের বৈঠক হয় গত ৮ জানুয়ারি। বৈঠকে রায় খালেদা জিয়ার বিরুদ্ধে গেলে আইনি ও রাজপথে মোকাবিলা করার সিদ্ধান্ত হয়। আন্দোলন কর্মসূচির বিষয়ে বলা হয়েছে, এ বিষয়ে পরবর্তী সময়ে প্রতিটি দলের সঙ্গে পৃথকভাবে বসে পরামর্শ করে জানিয়ে দেওয়া হবে।

২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, বিজেপির আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এমএ রকীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) রেদোয়ান আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) অধ্যাপিকা রেহানা প্রধান, খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাইফুদ্দিন মনি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) খন্দকার গোলাম মূর্তজা, ন্যাশনাল পিপলস পাটির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ-ভাসানী আজহারুল ইসলাম, পিপলস লীগের গরীবে নেওয়াজ, লেবার পার্টির উভয় অংশের মোস্তাফিজুর রহমান, হামদুল্লাহ আল মেহেদি, জমিয়তে উলামা ইসলামের মাওলানা আবদুর রব ইউসুফী, মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ।