জয়ের শুভ জন্মদিন আজ

একুশে বার্তা প্রতিবেদন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৪৮তম জন্মদিন আজ। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই অবরুদ্ধ ঢাকায় পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির প্রথম সন্তান জন্ম নেয়। স্বাধীনতাযুদ্ধে জয়ের পর বঙ্গবন্ধু তার এই নাতির নাম রাখেন ‘জয়’। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর সজীব ওয়াজেদ জয় মায়ের সঙ্গে জার্মানি হয়ে ভারতে যান। তার শৈশব-কৈশোর কাটে ভারতে। নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন জয়। এরপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০২ সালের ২৬ অক্টোবর ক্রিস্টিন ওভারমায়ারকে বিয়ে করেন সজীব ওয়াজেদ জয়। তাদের একটি মেয়ে আছে।

২০০৮ সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টি নিয়ে আসেন সজীব ওয়াজেদ জয়। এর পর আওয়ামী লীগ সরকার গঠন করলে মা শেখ হাসিনার পাশে থেকে দেশে তথ্যপ্রযুক্তির উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেন তিনি। ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন সজীব ওয়াজেদ জয়। ২০১৪ সালের ১৭ নভেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক অবৈতনিক উপদেষ্টা পদে তাকে নিয়োগ দেওয়া হয় । একুশে বার্তা পরিবারের পক্ষ থেকে জয়ের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন।