ডেক্স রিপোর্ট : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঠকের ওপরে বাটপার, বাটপারের ওপরে বাটপারি বলে মন্তব্য করেছেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
‘৩০ ডিসেম্বর ভোট ডাকাতির প্রতিবাদে’ এ কর্মসূচির আয়োজন করে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।
এ সময় নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ লাগিয়ে কর্মসূচিতে অংশ নেন। বিকাল ৩টায় এ কর্মসূচি শুরু হয়ে তা শেষ হয় ৪টায়।
প্রধান অতিথির বক্তব্যে আ স ম আব্দুর রব বলেন, ৩০ তারিখ ভোট হওয়ার কথা। কিন্তু ২৯ তারিখে ভোট ডাকাতি হয়েছে। পৃথিবীর ইতিহাসে সূচক হলো ১০০ ভাগ। কিন্তু বাংলাদেশে ভোট ডাকাতি হয়েছে ১১৭ পয়েন্ট ৩ পারসেন্ট। এর মধ্যে ৯৭ দশমিক ৩ ভাগ হলো ব্যালেটে ডাকাতি, ৫ ভাগ যারা নির্বাচনের কাজে ব্যস্ত ছিল কিন্তু ভোট দিতে পারে নাই, ৫ ভাগ হলো যারা মারা গিয়েছে, বিদেশে আছেন।
তিনি বলেন, ১০ ভাগ হলো গার্মেন্টস শ্রমিকসহ যারা ভোট দিতে পারে নাই। মোট হচ্ছে ১১৭ দশমিক ৩। ইতিহাসে এই ধরনের জালিয়াতি, একশ’র উপরে ১১৭। ঠকের ওপরে বাটপার, বাটপারের ওপরে বাটপারি-এটা বিশ্বের আর কোথাও হয়েছে বলে শুনিও নাই। বই-পুস্তকে পড়ি নাই, দেখিও নাই।
তিনি বলেন, রাষ্ট্র, জাতি ও জনগণকে রক্ষা করতে হবে। অন্যায়কারীদের আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। পেশাজীবী, শ্রমজীবী ও কর্মজীবী মানুষদের নিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ লাখ লাখ নেতাকর্মীদের মুক্ত করতে হবে। তাদের মামলা প্রত্যাহার করতে হবে।
রব বলেন, এ জন্য মাঠের আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। প্রতিবাদ ও কালো ব্যাজ ধারণ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকব না। ৩০ ডিসেম্বর কী কী অপকর্ম করা হয়েছে, কী কী ডাকাতি করেছে সবকিছু প্রকাশ করা হবে।
৩০ ডিসেম্বর নির্বাচন না হয়ে নাটক হয়েছে উল্লেখ করে রব আরও বলেন, ৩০ তারিখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু লোক, প্রশাসনের একটি অংশ মিলে যে ডাকাতি করেছে এখন তার উৎসব করা হচ্ছে। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দলের অধীনে নেয়া হয়েছে। পুরস্কার দেয়া হচ্ছে, ঘুষ দেয়া হয়েছে ইউনিয়ন পর্যায়ে। হাজার হাজার কোটি টাকা ঘুষ দেয়া হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিসাইডিং, রিটার্নিং অফিসারদেরও ঘুষ দেয়া হয়েছে।
আ স ম রব কোটা সংস্কার আন্দোলনকারী ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের শিক্ষার্থীদের এ সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে মাঠে নামারও আহ্বান জানান তিনি।
রব বলেন, ৩০ ডিসেম্বর রাষ্ট্রের ভিত্তি, ক্ষমতার বিভাজন, সংবিধানের নির্দেশনা সব ধ্বংস করেছে। পৃথিবীর কোথাও এই ধরনের নিষ্ঠুর-নির্মম কাণ্ড ঘটে নাই।
এর আগে একই দাবিতে ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশনের দিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘণ্টার মানববন্ধন করে বিএনপি।
