ডিএনসিসির ঘোষণা : সাত দিনের মধ্যে নামফলক সাইনবোর্ড বাংলায় করতে হবে : আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

একুশে বার্তা প্রতিবেদক : উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ইংরেজিসহ অন্য ভাষায় লেখা বিভিন্ন প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, ব্যানার ও বিলবোর্ড সাত দিনের মধ্যে বাংলায় প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে দূতাবাস, বিদেশি সংস্থা ও সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান এ নির্দেশের বাইরে থাকবে।

২৮ জানুয়ারি রোববার ডিএনসিসির ওয়েবসাইট ও ফেসবুক পেজে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানটি।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এস এম মামুন  জানান, তাদের নির্দেশ বাস্তবায়িত হচ্ছে কি না তা মনিটরিং করবেন তারা। সাত দিন পর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে এই গণবিজ্ঞপ্তি দেয়া হয় বলে জানান ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশনে (১৬৯৬/২০১৪) প্রদত্ত আদেশ অনুযায়ী সব প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও সংশ্লিষ্ট ক্ষেত্র ছাড়া) নামফলক, সাইনবোর্ড-বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক। কিন্তু লক্ষ করা যাচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি ইংরেজি ও অন্যান্য বিদেশি ভাষায় লেখা হয়েছে।

যেসব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি এখনো বাংলায় লেখা হয়নি, তা নিজ উদ্যোগে অপসারণ করে আগামী সাত দিনের মধ্যে বাংলায় লিখে প্রতিস্থাপন করতে হবে। না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭-এর ৩ ধারায় সরকারি অফিস, আদালত, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চিঠিপত্র, আইন-আদালতের সওয়াল-জবাব এবং অন্যান্য কাজে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

এ ছাড়া ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ এক আদেশে দেশের সব সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বরপ্লেট, সরকারি দপ্তরের নামফলক এবং গণমাধ্যমে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধ করতে সরকারকে ব্যবস্থা নিতে বলে। এরপর ওই বছরের ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ডকে আদেশটি কার্যকর করতে বলে। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি।