একুশে বার্তা প্রতিবেদন : ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপ-নির্বাচন এবং ঢাকার দুই সিটিতে যুক্ত হওয়া কাউন্সিলর পদে সাধারণ নির্বাচনের উপর হাই কোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে অবশেষে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও ইসির প্যানেল আইনজীবী তৌহিদুল ইসলাম কমিশনের পক্ষে আদালতে লড়বেন।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবুল কাসেম ২৮ জানুয়ারি রোববার এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একজন কর্মকর্তা বলেন, হাই কোর্টের স্থগিতাদেশের কপি পাওয়ার পরই বিষয়টি নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। আইনজীবীদের সঙ্গে বসে দুইজন আইনজীবীকে ওকালতনামা দেওয়া হয়েছে।
মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ঢাকা উত্তরে মেয়র পদে উপ-নির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ৩৬টি সাধারণ ওয়ার্ড এবং ছয়টি করে ১২টি সংরক্ষিত ওয়ার্ডের ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ওই তফসিলের সপ্তাহখানেক পর আলাদা দুটি রিট আবেদনের ওপর শুনানি শেষে গত ১৭ জানুয়ারি ঢাকা উত্তরের নির্বাচন ছয় মাস এবং দক্ষিণের নির্বাচন চার মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট।
