একুশে বার্তা প্রতিবেদন ; ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা আপিলে পক্ষর্ভূক্ত হয়েছেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তার পক্ষর্ভূক্তির আবেদন মঞ্জুর করেন।
অন্যদিকে নির্বাচন কমিশনের করা লিভ টু আপিলের ওপর আগামী ২৫ ফেব্রুয়ারি রোববার শুনানির দিন ধার্য করা হয়েছে। নির্বাচন কমিশনের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।
জানা যায়,বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জ্যৈষ্ঠ আইনজীবী ফিদা এম কামালের অনুপস্থিতিতে অ্যাডভোকেট অন রেকর্ড মোহম্মদ আশরাফ-উজ-জামান খান শুনানি পেছানোর আবেদন করেন। এরপর আদালত আদেশে বলেন- ‘নট টু ডে’।
অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থীর আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার এহসানুর রহমান। এহসানুর রহমান বলেন,‘আমরা নির্বাচন কমিশনের আপিল শুনানিতে পক্ষভূক্ত হতে চেম্বার আদালতে আবেদন করি। কারণ আমরা চাই ডিএনসিসির উপনির্বাচন দ্রুত হোক। চেম্বার বিচারপতি আমাদের আবেদন মঞ্জুর করেছে।’
এর আগে গত ১৭ জানুয়ারি ডিএনসিসি’র মেয়র পদে উপ-নির্বাচন এবং ডিএনসিসির সম্প্রসারিত অংশের ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। হাইকোর্টের এ আদেশটি স্থগিত চেয়ে গত ১ ফেব্রুয়ারি আপিল বিভাগে লিভ টু আপিল করে ইসি। পরে আপিল বিভাগ ২২ ফেব্রুয়ারি লিভ টু আপিলের ওপর শুনানির দিন ধার্য করেছিলেন।
জানা যায়, গত ৩০ নভেম্বর মেয়র আনিসুল হকের আকস্মিক মৃত্যুর পর ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ৯ জানুয়ারি ঘোষিত ওই তফসিল অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এবং ডিএসসিসি (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের)’র ওই ভোট হওয়ার কথা ছিল। তফসিল ঘোষণার এক সপ্তাহের ব্যবধানে ওই তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়।
রিটে ওই নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত না হওয়া,ভোটে জয়ী হওয়া কাউন্সিলরদের মেয়াদকাল উল্লেখ না থাকা, ইউপি চেয়ারম্যানের অব্যাহতি সংক্রান্ত গেজেট প্রকাশ না হওয়াসহ বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়। পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে ১৭ জানুয়ারি ডিএনসিসি’র এবং ১৮ জানুয়ারি ডিএসসিসি’র নির্বচন স্থগিত করে দেন হাইকোর্ট। ইসি উত্তরের নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানায়।
