ডিএমপিতে পুলিশের সাড়াশি অভিযান : মাদক-জাল টাকাসহ গ্রেফতার ৮০

একুশে বার্তা প্রতিবেদন : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৮০ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত পৃতক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি)।

এদিকে বৃহস্পতিবার রাতে কল্যাণপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ লাখ টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তারের দাবি করেছে ডিবি পশ্চিম বিভাগ।

ডিএমপির ডিসি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) মাসুদুর রহমান আমাদের সময়কে জানান, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা মাদক সেবন ও বিক্রির সঙ্গে যুক্ত। তাদের কাছ থেকে ৩ হাজার ১২৮ পিস ইয়াবা, ৮৮৫ গ্রাম হেরোইন, নয় কেজি ৬২৫ গ্রাম গাঁজা, ৬০ লিটার দেশি মদ  ও ১২৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে।

ডিবি সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর থানাধীন কল্যাণপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ডিবি-পশ্চিমের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম।

অভিযানকালে কল্যাণপুর বাসস্ট্যান্ডের মোক্তার হোসেনের চায়ের দোকানের সামনে থেকে জাল টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-জসিম মোড়ল, আবদুল জলিল, শ্রী সাগর ওরফে রিপন দাস ও জালাল উদ্দিন।

ডিবি জানায়, আটক চারজনের কাছ থেকে ৩২ লাখ টাকা মূল্যের জাল টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা প্রায় পাঁচ থেকে ছয় বছর যাবত পরস্পর যোগসাজশে বাংলাদেশি জালনোটসহ বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি ও বাজারজাত করে আসছে।