ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন

ডেক্স রিপোর্ট : অফিসার্স ক্লাব ঢাকা’র ২০২০ ও ২০২১ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন। মন্ত্রীপরিষদ সচিব পদাধিকার বলে নির্বাহী কমিটির চেয়ারম্যান। বর্তমানে মন্ত্রীপরিষদ সচিব হিসেবে রয়েছেন খন্দকার আনোয়ারুল ইসলাম। তাই মোট ২৩টি পদের মধ্যে ২২ টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অফিসার্স ক্লাবের ভোটগ্রহণ চলে। শনিবার ভোর ৫ টায় সহস্রাধিক ক্লাব সদস্যদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা হয়। ভোটের মাধ্যমে তিনজন ভাইস চেয়ারম্যান, একজন সাধারণ সম্পাদক, তিনজন যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ ও ১৪ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫৪৮৪। এদের মধ্যে ৪২৩৫ জন সদস্য ভোটে অংশ নিয়েছেন। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন ২৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইব্রাহীম হোসেন খান পেয়েছেন ১৬৪৫ ভোট।

এছাড়াও অফিসার্স ক্লাবের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে এম মোজাম্মেল হক, আনছার আলী খান ও এম খালিদ মাহমুদ। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মুস্তকীম বিল্লাহ ফারুকী, অধ্যাপক ফেরদৌসী খান ও আজহারুল ইসলাম খান। কোষাধ্যক্ষ হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম। নির্বাচিত ১৪ সদস্য হলেন ডা. মনিলাল আইচ লিটু, আমিনুল ইসলাম, তানিয়া খান, মুহাম্মদ সাকিব সাদাকাত, দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন, অধ্যাপক আশরাফুন্নেসা রোজী, সুরাইয়া পারভীন শেলী, আকতারুজ্জামান, এম এ মজিদ, জসীম উদ্দীন হায়দার, রথীন্দ্রনাথ দত্ত, মীর মনজুরুর রহমান ও জাকেরুল আবেদীন আপেল।