একুশে বার্তা প্রতিবেদন : শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের পর রাজধানীসহ সারা দেশে এখন চলছে পুলিশের ট্রাফিক সপ্তাহ। এ ট্রাফিক সপ্তাহের মধ্যেই রাজধানীর শেরেবাংলা নগরে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে ধাক্কা দিয়েছে একটি বাস। এ সময় বাসটি ড্রাইভ করছিল হেলপার।
১০ আগস্ট শুক্রবার রাত ৯টার দিকে নিউ ভিশন পরিবহনের ওই বাসটি মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়। ওই সময় মন্ত্রী গাড়িতে ছিলেন। বাসে চালক ছিলেন না। বাসটি চালাচ্ছিলেন মানিক নামের এক হেলপার। ওই বাস (নম্বর- ঢাকা মেট্রো ব ১১-৭৪৭৫) ও হেলপারকে আটক করে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শেরে বাংলা নগর থানার দারোগা রুহুল আমিন জানান, ‘মন্ত্রী মহোদয় রোগী দেখতে শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে এসেছিলেন। রোগী দেখে তিনি নাখালপাড়ার উদ্দেশে রওনা দেন। মন্ত্রীর গাড়িটি হাসপাতালের সামনে কলেজ গেটের বিপরীতে গেলে পেছন দিক থেকে মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয় বাসটি। বাসটি মিরপুর থেকে মতিঝিলের দিকে যাচ্ছিল।
ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-কমিশনার (ডিসি) লিটন কুমার সাহা জানান, থানায় নেয়ার পর বাসটিকে ডাম্পিংয়ে দেয়া হয়।
বাসের ধাক্কায় মন্ত্রীর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ’
