প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিরাপত্তার চাদরে খুলনা নগরী

একুশে বার্তা ডেক্স :  খুলনায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে গোটা শিল্পনগরী। পুলিশ, র‌্যাব, গোয়েন্দারা সার্বক্ষণিক নজরদারি রাখছে জনসভাস্থলসহ আশপাশের এলাকায়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়েছেন। এছাড়াও যানজট নিরসনে মহানগর পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

প্রধানমন্ত্রীর আগমনে পুরো নগরীজুড়ে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনি। পাশাপাশি তৎপর রয়েছেন গোয়েন্দা সংস্থার সস্যরা। সার্বিক নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে সাড়ে তিন হাজার পুলিশ সদস্য বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. হুমায়ুন কবীর।

খুলনা সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় আজ ৩ মার্চ শনিবার  বিকেলে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকাল থেকে জনসভাস্থলে আসতে শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখন অপেক্ষা শুধু প্রধানমন্ত্রীর আসার।

সার্কিট হাউজের জনসভায় ভাষণের আগে সকাল ১১টায় খালিশপুরের ঈদগাহ ময়দানে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।