একুশে বার্তা ডেক্স : জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, সরকারের বিরুদ্ধে কথা বলতে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে গোপনে টাকা দিয়েছে যুদ্ধাপরাধী মীর কাসেমের ভাই মামুন। গত ১২ আগস্ট রোববার জয় তার ফেসবুক স্ট্যাটাসে এ কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে লিখেছেন, ‘কিছু তথ্য আমার কাছে এসেছে যা অত্যন্ত উদ্বেগজনক। নিন্দিত সাবেক প্রধান বিচারপতি সিনহা সম্প্রতি নিউইয়র্ক এসেছিলেন। সেখানে তিনি গোপনে যুদ্ধাপরাধী মীর কাসেমের ভাই মামুনের সাথে দেখা করেন। আমরা জানতে পেরেছি মামুনের কাছ থেকে তিনি বড় অংকের টাকা পেয়েছেন। টাকাটা তাকে দেওয়া হয়েছে আমাদের সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য। তাদের এই আলাপ দেখেছে ও শুনেছে এরকম সাক্ষীও আছে।’ বিডিনিউজের মতামতের একটি প্রবন্ধ স্ট্যাটাসে সংযুক্ত করা হয়।
সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত, আমাদের দেশে রাজনৈতিক ষড়যন্ত্র খুবই সাধারণ একটি বিষয়। এই প্রবন্ধটিতে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে আমাদের ‘কু-শীল’ সমাজ কিভাবে প্রতিক্রিয়া দেখাতেন যদি ১৯৭৫-এর ১৫ই আগস্টের ষড়যন্ত্র ব্যর্থ হতো।’ তিনি বলেন, ‘ষড়যন্ত্রের ক্ষেত্রে অপরিচিত বা অজনপ্রিয় মানুষের ভূমিকা কম। একটি ষড়যন্ত্রকে সফল করতে হলে দরকার হয় উচ্চ পর্যায়ের ও ক্ষমতাবান কাউকে। যেমন সিনহা বা শহিদুল আলম।’
