বন্ড দুর্নীতি: কাস্টমসের মামলায় বস্ত্র ব্যবসায়ী হাজি জামাল গ্রেফতার

ডেক্স রিপোর্ট : সম্প্রতি বন্ড সুবিধার অপব্যবহার প্রতিরোধে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট পুরান ঢাকার ইসলামপুর ও সদরঘাট এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে, এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বন্ডেড ফেব্রিকস। এ ঘটনায় কোতয়ালি থানায় মোট চারটি ফৌজদারি মামলা দায়ের করে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। এর মধ্যে একটি মামলার এজাহারভুক্ত আসামি হাজী মো. জামাল উদ্দীনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

জানা যায়, গত ২৪ অক্টোবর ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের একাধিক প্রিভেন্টিভ টিম স্থানীয় কোতয়ালি থানা, ডিএমপি সদর দপ্তর এবং ডিবি পুলিশ সদস্যদের উপস্থিতিতে সদরঘাট এলাকার তৃপ্তি মেরিন মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত একটি গুদামে অভিযান চালায়। এ সময় মোট ২ হাজার ৭৯০ কেজি অবৈধ বন্ডেড ফেব্রিকস আটক করা হয়।

এ ঘটনায় গত ৪ নভেম্বর ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ আল মনছুর বাদী হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত ১২ নম্বর আসামি হিসেবে হাজী মো. জামাল উদ্দীন নাম উল্লেখ করা হয়। তিনি জাসা ফ্যাশনের স্বত্ত্বাধিকারী। মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত হাজী মো. জামাল উদ্দীন বর্তমানের ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন।