এইচএম দেলোয়ার : বিমানের নিরাপত্তা বিভাগের বিতর্কিত ডিজিএম- যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ,তদন্ত প্রতিবেদন, সাসপেন্ড,পদাবনতি, চাকরিচ্যুত, আবার চাকরিতে পুন:বহাল, আবার চাকরিচ্যুত আবার গত ১১ জুলাই ডিজিএম নিরাপত্তা পদে চাকরিতে পুন:বহাল, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে অফলোডকরন-ইত্যাকার একের পর এক অভিযোগের বিষয়টি আমলে নিয়ে মোখলেছুর রহমান মৃধাকে নিরাপত্তা বিভাগ থেকে সরিয়ে দেয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো দুটি গুরুত্বপূর্ণ মহাব্যবস্থাপক পদে রদবদল করা হয়েছে। ২৭ আগস্ট বিমানের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়।
বিমানের জেলা বিক্রয় ও বিপণন পরিদফতরের মহাব্যবস্থাপক মো. শওকত হোসেনকে (পি নম্বর-৩৩৭৪৮) কেন্দ্রীয় বিক্রয় ও বিপণন বিভাগের বিপণন ও বিক্রয় পরিদফতরের মহাব্যবস্থাপক পদে বদলি করা হয়েছে। তিনি একই সঙ্গে বিপণন ও বিক্রয় বিভাগের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে থাকবেন।
বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক পদ থেকে মাহবুব জাহান খানকে অব্যাহতি দেয়া হয়েছে।
প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের অধীন মোটর ট্রান্সপোর্ট পরিদফতর থেকে উপ-মহাব্যবস্থাপক শামসুল করিমকে (পি নম্বর-৩৬৩৪২) জেলা বিক্রয় ও বিপণন পরিদফতরে বদলি করা হয়েছে।
পরিদফতর নিরাপত্তা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোখলেছুর রহমান মৃধাকে (পি নম্বর-৩৩৭৩৯) প্রকিউরমেন্ট আইন বিভাগের উপ-বিভাগ যানবাহনে বদলি করা হয়েছে। আদেশে অবিলম্বে বিষয়টি কার্যকর করার কথা বলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জিএম প্রশাসন।
উল্লেখ্য, ডিজিএম নিরাপত্তা মোখলেছুর রহমান মৃধাকে নিয়ে একুশ শতকের কাগজ ‘একুশে বার্তা’র অনলাইনে দুটি রিপোর্ট প্রকাশিত হয়। প্রকাশিত রিপোর্ট নিয়ে বিমান কর্তৃপক্ষের টনক নড়ে।তার পক্ষে সাফাই গেয়ে একটি জাতীয় দৈনিকে রিপোর্ট করান বলে সূত্রে জানা গেছে।
