বিএনপি একটি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল : ওবায়দুল কাদের

একুশে বার্তা ডেক্স : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একটি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। বেগম জিয়ার মামলার রায়ের ১০ দিন আগে বিএনপি রাতের আঁধারে গঠনতন্ত্রের ৭ ধারা উঠিয়ে নিয়ে প্রমাণ করেছে তারা দন্ডিতবাজ ও দুর্নীতিবাজ। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি শুরু করছে। সুযোগ পেলেই তারা ইস্যু খোঁজার চেষ্টা করে। বেগম জিয়ার অসুস্থতায় মানবিক দিক থেকে সরকারের যা যা করণীয় জেল কোড অনুযায়ী চিকিৎসকরা সব ব্যবস্থা নিচ্ছেন। তার অবস্থার অবনতি হলে করণীয়টাও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

৬ মে রোববার সকালে ও দুপুরে ওবায়দুল কাদের তার নিজ এলাকা নোয়খালীর কোম্পানীগঞ্জ উপজেলা এবং কবিরহাট উপজেলায়  ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী পৃথক দুইটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বেগম জিয়াকে দণ্ড দিয়েছে আদালত, ১০ বছর মামলা চলেছে। টালবাহানা করে ১৫২ বার হাজিরা দিয়েছে। এখানে আওয়ামী লীগের কিছুই করার নেই। আইনের মাধ্যমে তিনি মুক্তি পাবেন। পত্রিকায় দেখলাম বেগম জিয়া বলেছেন, বিএনপি নেতাদের নির্বাচনী প্রস্তুতি নেওয়ার জন্য। আর বিএনপি নেতারা প্রকাশ্যে বলছেন, বেগম জিয়া ছাড়া তারা নির্বাচনে যাবেন না। অথচ তারা ভিতরে ভিতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। বিএনপি নির্বাচনে না আসলেও সংবিধান অনুযায়ী  নির্বাচন কমিশন নির্বাচন করবে এবং কারো জন্য নির্বাচনী ট্রেন থেমে থাকবে না।

তিনি আরো বলেন, আমাদের দেশের রাজনীতি নিয়ে দেশে কথা বলব। রাজনীতি নিয়ে বিদেশে কিসের কথা। আমরা ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করেছি। আমাদের দেশের রাজনীতির ব্যাপারে কিছুই বলিনি। বিএনপি নেতারা আমাদের দেশের রাজনীতি নিয়ে বিদেশিদের কাছে গিয়ে নালিশ করেন। বিএনপি একটি নালিশের দলে পরিণত হয়েছে।  বিএনপি মানে ‘বি’তে বিদেশি, ‘এন’তে নালিশ, ‘পি’তে পার্টি এটার নাম বিএনপি।

তিনি বলেন, ’৭৫-এর পরে বিএনপি ও জাতীয় পার্টি দীর্ঘদিন ক্ষমতায় ছিল। সেই সময় ব্যারিস্টার মওদুদ আহমেদ আমার চেয়েও বড় দায়িত্বে ছিলেন। তার ক্ষমতার দীর্ঘ ২২ বছর সময়ে তিনি এলাকার যতো উন্নয়ন করেননি, তার একশ’ গুণ বেশি গত ১২ বছরে আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে আমি এ এলাকার উন্নয়ন করেছি।

কোম্পানীগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও কবিরহাট পৌরসভা মিলনায়তনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি। এতে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এবং কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী ও নোয়াখালী জেলা পরিষদের সদস্য আকরাম উদ্দিন চৌধুরী সবুজ প্রমুখ।