বিএনপি নেতা আমীর খসরুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার  : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বিকালে স্পেশাল ব্র্যাঞ্চের বিশেষ পুলিশ সুপার বরাবর পাঠানো দুদকের পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা কাজী শফিকুল আলমের চিঠিতে এ নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। দুদকের জনসংযোগ বিভাগ সূত্রে এ খবর নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে দুদকের পরিচালক কাজী শফিক বলেন, ‘অভিযোগ সংশ্লিষ্ট আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী দেশ ত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রম পরিচালনার স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক’। আমির খসরুর বিরুদ্ধে অভিযোগ, তিনি বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থ পাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগে অনুসন্ধানে আমির খসরুকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৮শে আগস্ট প্রথম তলব করে দুদক। ওই সময় ঈদের ছুটির কারণে তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রস্তুতি নিতে না পারার কারণ দেখিয়ে দুদককে উপস্থিত হতে এক মাস সময় চেয়েছেলেন তিনি।

এ আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে সময় দিয়ে ১০ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় তলব করেন অনুসন্ধান কর্মকর্তা কাজী শফিক। এর মধ্যে তলবের বিরুদ্ধে ‘আইনগত বৈধতা চ্যালেঞ্জ’ করে একটি রিট আবেদন হাইকোর্টে বিচারাধীন উল্লেখ করে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ না নিতে দুদকে আবেদন করেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরে হাইকোর্ট এ আবেদনের ওপর শুনানি করে দুদকের তলব বৈধ বলে আদেশ দেয়।