বিডিআর বিদ্রোহে জেলখাটা অনিক চাকমা দিব্যি আনসার বাহিনীতে চাকরি করছেন!

বিশেষ সংবাদদাতা : ২০০৯ সালের ২৫/২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় জেলখাটা এবং এসএসসির সনদ কালো তালিকাভুক্ত করা অনিক চাকমা , পিতা-অমিত চাকমা, সাং বিজয়নগর থানা+জেলা-রাঙামাটি এখন দিব্যি বাংলাদেশ আনসার বাহিনীতে চাকরি করছেন, তার আনসার সদস্য/আইডি নম্বর-৭৯১৭১ ।্ এ ব্যাপারে আনসার বাহিনীর ডিজি বরাবর অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানা যায়, আনিক চাকমা বর্তমানে বিমানবন্দর জোনের বিমান বাংলাদেশ আনসার ক্যাম্পে ১০৫ জনের নেতৃত্ব দিয়ে কেরানিগিরি করছেন। ক্যাম্প ইনচার্জ পিসি শওকত এবং থানা অফিসার মবিন আলি তাকে আগলে রেখেছেন। প্রত্যেক আনসার সদস্যের ছুটি বরাদ্দ করার জন্য জনপ্রতি ১২শ’ টাকা করে হাতিয়ে নেয়াসহ আনসার সদস্যদের রেশন নিয়েও তেলেসমাতি করছেন। শুধু তাই নয়- সাধারণ আনসার সদস্যসহ পিসি/ এপিসিদের বদলি পোস্টিং করার নামে থানা অফিসারের সাথে লিয়াজো করে আর্থিক সুবিধা হাতিয়ে নিচ্ছেন। থানা অফিসার মবিন আলি অনিক চাকমার সাথে রীতিমত বিমানক্যাম্পে অফিস করছেন ও শলা পরামর্শ করছেন। কেরানি অনিক চাকমার বিরুদ্ধে কেউ মুখ খুললে অনিক চাকমা ভয়ভীতি দেখিয়ে হুংকার দিয়ে বলে বেড়ান‘ আমার সাথে বাড়িবাড়ি করবে না, আমি বিডিআর অফিসার হত্যা করে এসেছি,জেলে খেটেছি’।