ডেক্স রিপোর্ট : চিরায়ত ঐতিহ্য ভেঙে মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা মঙ্গলবার বাসযোগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গেছেন। বুধবার মন্ত্রীরা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন। টুঙ্গিপাড়ায়ও মন্ত্রীদের বাহন হচ্ছে বাস।
সংশ্লিষ্ট সূত্র বলছে, মন্ত্রিপরিষদের সদস্যরা টুঙ্গিপাড়ায় বাসযোগেই যাবেন। তারা সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত করবেন।ওই বাসেই তারা ঢাকায় ফিরবেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু গণমাধ্যমকে জানান, তারা বাসযোগে টুঙ্গিপাড়ায় জাতির জনকের কবরে শ্রদ্ধা জানাতে যাবেন। সকাল ৭টায় জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে থেকে তারা রওনা দেবেন এবং একই বাসে ঢাকায় ফিরবেন।
এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমকে বলেন, বুধবার আমরা বাসে টুঙ্গিপাড়ায় জাতির পিতার কবরে শ্রদ্ধা নিবেদন করতে যাব। এর যুক্তি হিসেবে তিনি বলেন, আমরা একসঙ্গে বাসে করে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য গিয়েছি।এতে সময়-খরচ যেমন বেচেছে, আলাদা করে গাড়িও ব্যবহার করতে হয়নি। জনসাধারণের ভোগান্তিও কমেছে।
প্রসঙ্গত, ঐতিহ্য ভেঙে বাসযোগে মন্ত্রিসভার সদস্যদের সফর দেশে এটাই প্রথম।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বাসযাত্রায় শামিল হতে চেয়েছিলেন। কিন্তু তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সংশ্লিষ্টরা তাকে হেলিকপ্টারে যেতে অনুরোধ করেছেন।
আজ সাভার স্মৃতিসৌধে যেতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা নিজস্ব গাড়ি ব্যবহার না করে চারটি এসি বাস ব্যবহার করেন। আসন সংকুলান না হওয়ায় মিনিবাসগুলোর ভেতরে অতিরিক্ত আসন জুড়ে বসতে দেখা যায় তাদের।
এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গণমাধ্যমকে বলেন, আমরা সবাই একসঙ্গে বাসে সাভার স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানিয়েছি।
